কাজল মিত্র, পাণ্ডবেশ্বর: গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে বড় বিপদে পড়লেন এক যুবক। খোলামুখ খনির প্রায় ৩০ ফুট গভীর খাদে বাইক সহ পড়ে গুরুতর জখম হলেন তিনি। আহত যুবকের নাম প্রসূন ব্যানার্জি, বাড়ি কাঁকসার বসুধা এলাকায়।জানা গেছে, পেশায় কেবল অপারেটর প্রসূন বাবু শুক্রবার রাতে কেবলের কাজে পাণ্ডবেশ্বর এলাকার একটি গ্রামে যাচ্ছিলেন। রাস্তা চিনতে না পারায় তিনি গুগল ম্যাপের সাহায্য নেন। পাণ্ডবেশ্বরে মহালক্ষ্মী নামে একটি খোলামুখ খনির কাজ চলছে, যার জেরে আশপাশের বহু রাস্তাই খনির আওতায় চলে গেছে।

অভিযোগ, ম্যাপে দেখানো একটি পিচ রাস্তা ধরে এগোতেই আচমকা রাস্তার মাঝে থাকা গভীর গর্তে বাইক সহ পড়ে যান প্রসূন বাবু। সারা রাত ওই খাদের মধ্যেই আটকে ছিলেন তিনি।
পরিবার সূত্রে খবর, গভীর রাত হয়ে গেলেও প্রসূন বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাড়ির লোকজন। ফোন করলে তিনি কখনও অজয় নদীর ধার, কখনও দুর্গাপুর বলে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। ঠিক কোথায় আছেন তা স্পষ্ট করে বলতে পারছিলেন না।শেষ পর্যন্ত জিও ট্যাগের মাধ্যমে তাঁর লোকেশন ট্র্যাক করা হয়। শনিবার সকালে পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনির একটি পরিত্যক্ত গর্ত থেকে তাঁকে ও তাঁর বাইকটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকাজে হাত লাগায় খনি কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা। পকলেন মেশিনের সাহায্যে খাদের ভেতর থেকে আহত অবস্থায় তাঁকে তোলা হয়।বর্তমানে গুরুতর আহত প্রসূন ব্যানার্জি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
