সংবাদদাতা,দুর্গাপুর : – বাংলা নববর্ষ উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছিল দুর্গাপুরের এম এ এম সির শ্রীপল্লী নেলসন স্পোর্টিং ক্লাব। শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি জানান, বাঙালির কাছে এই পয়লা বৈশাখ এক আবেগের দিন। সারা রাজ্যেই নানা কর্মসূচির মধ্যে এই দিনটি পালন করা হয়।

শ্রী পল্লী ক্লাব এই রক্তদানের মতো এক সামাজিক কর্মসূচী নেওয়ায় তাদের সকলকে তিনি অভিনন্দন জানান। ক্লাবের সম্পাদক সুরজ শেখ, জানান তারা সারা বছর কিছু না কিছু সামাজিক কাজ করে থাকেন। এবার নববর্ষ উপলক্ষে এই রক্তদান কর্মসূচি নিয়েছেন। এখানে প্রায় ১০০ জন রক্তদান করেন। এখানে উপস্থিত ছিলেন সমাজসেবী শঙ্কর লাল চট্টোপাধ্যায়, দেবাশীষ আচার্য সহ অন্যান্যরা। শিবির আয়োজনে সহযোগিতা করেছে দুর্গাপুর সাব ডিভিশন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।
