মহকুমা শাসকের দপ্তরের সামনে আশাকর্মীদের অবস্থান

সংবাদদাতা , দুর্গাপুর : বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আবারও আন্দোলনের পথে হাঁটলেন আশাকর্মীরা। বুধবার দুর্গাপুরের প্রাসনিক ভবনের সামনে মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হন পৌর স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত আশাকর্মীরা। সকাল থেকেই কর্মীরা জড়ো হয়ে স্লোগান তোলেন এবং তাঁদের দীর্ঘদিনের বকেয়া দাবি অবিলম্বে পূরণের দাবি জানান।বিক্ষোভরত আশাকর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের ন্যূনতম বেতন কাঠামো সংশোধন করা হয়নি। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান ভাতায় সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলেও দাবি করেন তাঁরা। এর আগেও একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।

এদিনের অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা জানান, রাজ্য জুড়ে আশাকর্মীরা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করলেও তাঁদের শ্রমের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। দ্রুত বেতন বৃদ্ধি, নিয়মিত ভাতা প্রদান এবং কর্মসংক্রান্ত সুরক্ষার দাবিতে এই আন্দোলন বলেই জানান তাঁরা।ঊষা আচার্য জানান দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় আশাকর্মীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। প্রশাসন দ্রুত কোনও ইতিবাচক পদক্ষেপ না নিলে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে,এমনই ইঙ্গিত মিলল দুর্গাপুরের এই বিক্ষোভ কর্মসূচি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *