পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

সংবাদদাতা,দুর্গাপুরঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার উদ্যোগে শনিবার আয়োজন করা হয় একটি স্বেচ্ছা রক্তদান শিবির। ইস্পাত নগরী এ জোনের নেতাজী ভবন সংলগ্ন সেলিব্রেশন হলে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেছেন। মহিলা ও পুরুষ পুলিশ কর্মচারী ও সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ক্লাবের সদস্যরাও এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন।

দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,গরমকালে এমনিতেই সরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা যায়। সেই অভাব পূরণ করার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত,ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা,এসিপি সুবীর রায়, সিআই রণবীর বাগ,দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে এবং দুর্গাপুর থানার অন্তর্গত সমস্ত ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে শুভেচ্ছা জানান দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জীব দে। রক্তদান শিবিরের সাথে এদিন একটি স্বাস্থ্য পরীক্ষার শিবিরও আয়োজন করা হয়েছিল। সেখানে ব্লাড গ্রুপ নির্নয়,প্রেসার,সুগার, ইসিজি করা হয়। এখানে সহযোগিতা করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *