ফের অমানবিকতার নজীর,সিটি সেন্টারের ফাঁকা বাড়ি থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

সংবাদদাতা,দুর্গাপুরঃ ফের একবার এক চরম অমানবিক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর। রবিবার দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের মধুসূদন পথ এলাকার একটি দোদলা বাড়ির বারান্দা থেকে উদ্ধার হয় এক বৃদ্ধের মৃতদেহ। তিনি বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে,সুবোধ রঞ্জন আচার্য নামে ওই ব্যক্তি দুর্গাপুরের এএসপি কারখানার অবসরপ্রাপ্ত কর্মী। প্রায় ২১ বছর আগে তিনি অবসর নিয়েছেন। এখন তার বয়স ৮১। ছেলে মুম্বইতে বড় চাকরী করেন। স্ত্রী সন্তান নিয়ে সেখানেই থাকেন। এই বাড়িতে পরিচারিকার কাজ করেন অর্চনা ঘোষাল নামে এক মহিলা। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই নাকি ওই বৃদ্ধের ছেলে বাবার খাওয়া দাওয়া ও চিকিৎসা বাবদ টাকা পাঠাতেন। পরিচারিকা জানিয়েছেন তিনি হোটেল থেকে নিয়মিত খাবার এনে দিতেন। তার কাছেই জানা গেছে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অসুস্থ সেকথা ফোনে তার ছেলেকে বলা সত্বেও সে একদিনের জন্যও আসেনি। এদিকে বছর ৯ আগে বৃদ্ধের স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি আরও একা হয়ে পড়েন। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে,তারপর থেকেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং ইদানিং মানসিক ভারসাম্যও হারিয়েছেন। কয়েকবার প্রতিবেশীরাই তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। রবিবার প্রতিবেশীরা বৃদ্ধের মৃত্যুর খবর পুলিশকে জানানোর পর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃদ্ধের সন্তানের চরম অমানবিকতা নিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে প্রশ্ন উঠেছে পরিচারিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হতো,তা কি যথাযথাভাবে ওই পরিচারিকা খরচ করত? পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *