সংবাদদাতা,আসানসোলঃ ভাড়া দেওয়ার নাম করে মালিকদের কাছে থেকে চুক্তিতে ট্রাক্টর নেওয়ার পর,নকল কাগজপত্র করে সেগুলি নিজের নামে করে নিয়ে মোটা টাকায় অন্যকে বিক্রি করে দিত এক ব্যক্তি। এই ধরনের অভিনব এক প্রতারনার অভিযোগ জমা পড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানায়। তদন্তে নেমে পুলিশ এক এক করে সাতটি ট্রাক্টর উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে সুমিত কুমার সিংহ নামে অভিযুক্ত ব্যক্তিকে। তার বাড়ি শ্রীপুরের ছেরিডাঙায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস সাংবাদিকদের জানিয়েছেন, জামুড়িয়ার এক ট্রাক্টর মালিক অভিযোগ

করেছিলেন,সুমিত নামে ওই ব্যক্তি তার কাছে ভাড়ায় খাটাবে বলে ট্রাক্টর নিয়েছিল কিন্তু তারপর থেকে ভাড়ার টাকাও দিচ্ছিল না এবং ট্রাক্টরও ফেরত দিচ্ছিল না। আমরা তদন্তে নেমে গত ৮ মে সুমিতকে গ্রেফতার করি। তাকে জেরা করে এই ধরনের সাতটি ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তাকে চারদিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। কিভাবে সে নকল কাগজপত্র তৈরী করল সেবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
