সংস্কারের পর যানবাহন চলাচল শুরু হয়ে গেল দুর্গাপুর ব্যারেজের সেতু দিয়ে

সংবাদদাতা,দুর্গাপুরঃ অবশেষে দামোদর নদের উপর দুর্গাপুর ব্যারেজের ভাঙাচোরা বেহাল সেতুর রাস্তাটির সংস্কারের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করেছে রাজ্য সরকারের সেচ দফতর। সেতুটির নিচের দিকে একটি বিকল্প রাস্তা তৈরী করে সেই রাস্তা দিয়ে অটো,টোটো,দুচাকা,চারচাকা গাড়িগুলি যাতায়াত করছিল। সংস্কার চলার সময় সেতুর রাস্তার একটা দিক খুলে রাখা হয়েছিল,সেই রাস্তা দিয়ে সাইকেল,বাস, অ্যাম্বুলেন্স,দমকল চলাচল করছিল। পণ্যবাহী ভারী গাড়িগুলিকে মেজিয়া দিয়ে যাতায়াত করার নির্দেশ ছিল। আসলে পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে বাঁকুড়া জেলার সবচেয়ে সহজ ও দ্রুততম যোগাযোগের মাধ্যম হিসেবে দুর্গাপুর ব্যারেজের এই সেতুটি ব্যবহার করা হয়।

তাই,দীর্ঘকাল ধরে বেহাল হয়ে থাকা এই সেতুর রাস্তাটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু,সামনেই বর্ষা চলে আসবে বলে রাস্তা সংস্কারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ১৫ জুন। কাজ কেমন চলছে তার পরিদর্শনে এসেছিলেন রাজ্যের সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া এবং কিছুদিন আগেই একবার এখানে এসে কাজ দেখে গেছেন রাজ্যের সেচ দফতরের সচিব মণীশ জৈন। শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ হওয়ায় রবিবার থেকেই গাড়ি চলাচল শুরু হয়েছে দুর্গাপুর ব্যারেজের সেতুতে। জানা গেছে,সোমবার থেকে পুরোপুরিভাবে এই সেতু খুলে দেওয়া হবে এবং তখন আগের মতোই সমস্ত ধরনের গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *