সংবাদদাতা , দুর্গাপুর, : স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘দুর্গাপুর 5K ম্যারাথন’। লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর, দুর্গাপুর জংশন মল, বিধান নগরের (ডি এস এম এস) বেসরকারি নার্সিং কলেজ এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের যৌথ উদ্যোগে রবিবার সকালে জংশন মল চত্বর থেকে এই ম্যারাথনের সূচনা হয়।এদিন উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস, টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা বসাক-সহ উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জানান, গত দু’বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত ‘রান ফর ডায়াবেটিস’ কর্মসূচির সঙ্গে এ বছর নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘রান ফর এনভারমেন্ট’। উদ্দেশ্য একটাই, দৌড়ের মাধ্যমে সমাজকে সচেতন করা, সুস্থ জীবনযাপন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরা।এদিন পুরুষ ও মহিলা সহ মোট এক হাজার প্রতিযোগী ম্যারাথনে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় উভয় বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার এবং ৫ হাজার টাকা পুরস্কার লাভ করেন। পাশাপাশি পাঁচ কিলোমিটার দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।শহরের রাজপথে ছুটে চলা দৌড়বিদদের পদচারণায় এদিন দুর্গাপুর যেন পরিণত হয় সচেতনতার এক জীবন্ত মঞ্চে।স্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাকে সামনে রেখে দুর্গাপুর 5K ম্যারাথন প্রমাণ করল, সচেতনতা ছড়াতে দৌড়ও হতে পারে শক্তিশালী আন্দোলনের হাতিয়ার।
