সংবাদদাতা , দুর্গাপুর : রাজ্যে আসন্ন পরিবর্তন যাত্রাকে সামনে রেখে রবিবাসরীয় দুর্গাপুরে শক্তির আস্ফালন দেখালো বিজেপি। শহরের পূর্ব এবং পশ্চিম উভয় বিধানসভা কেন্দ্রেই আয়োজিত এক বিশাল বাইক র্যালি ঘিরে তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চলের রাজনীতি। গেরুয়া শিবিরের দাবি, এবারের লড়াই কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের।

রবিবার সকালে দুর্গাপুরের পূর্ব বিধানসভার ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ এলাকা থেকে বিজেপি যুব মোর্চার তরফে একটি বাইক র্যালি শুরু হয়। একই সময়ে পশ্চিম বিধানসভার সিটি সেন্টার থেকেও বের হয় আরেকটি বাইক মিছিল।পশ্চিম বিধানসভার বাইক র্যালির নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। অন্যদিকে পূর্ব বিধানসভার র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। র্যালিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ-সভাপতি সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বের দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। তাদের মতে, এবারের লড়াই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের। মানুষের ক্ষোভ ও বঞ্চনার জবাব দিতেই বিজেপির পরিবর্তন যাত্রা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বলে দাবি দলের।রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাইক র্যালির মাধ্যমে বিজেপি একদিকে যেমন কর্মীদের চাঙ্গা করল, অন্যদিকে তৃণমূলকে কড়া বার্তা দিয়ে রাখল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে হাতিয়ার করে বিজেপি বুঝিয়ে দিতে চাইল, দুর্গাপুরের মাটি এখন আর শাসকদলের জন্য মসৃণ নয়।১০ তারিখের রথযাত্রাকে কেন্দ্র করে এখন থেকেই চড়ছে পারদ। বিজেপি যখন আত্মবিশ্বাসে টগবগ করছে, তখন পাল্টা তৃণমূল শিবির এই কর্মসূচিকে কতটা গুরুত্ব দেয়, সেটাই এখন দেখার।
