আসানসোল, কাজল মিত্র: রবিবার দুপুরে ফের দুর্ঘটনার সাক্ষী থাকল আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক। ঘাঘরবুড়ি মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ জন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, গাড়িটি আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। ঘাঘরবুড়ি মন্দির চত্বরে আসতেই হঠাৎই চালক স্টিয়ারিং-এর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে সজোরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।

সেই সময় ডিভাইডারের পাশে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন চারজন পথচারী। বেসামাল গাড়িটি তাঁদেরকেও ধাক্কা মেরে ছিটকে দেয়। এরপরও গতি না কমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টুরিস্ট বাসে গিয়ে ধাক্কা মারে।
এই জোড়া ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন চার পথচারী এবং আহত হন গাড়ির চালকও। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। স্থানীয়দের সহযোগিতায় আহত ৫ জনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল কিনা বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
