আসানসোল, কাজল মিত্র: শহরের অন্যত্র টোটো চললেও বিএনআর মোড় থেকে সাঁতায়শা পর্যন্ত রুটে টোটো চালানোর অনুমতি না মেলায় ক্ষোভে ফুঁসছেন টোটো চালকরা। এই দাবিতেই সোমবার দুপুরে আসানসোলের কুমারপুরে মনোজ সিনেমা হলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক টোটো চালক। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা টোটো চলাচলের অনুমতির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ও আলোচনার আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
টোটো চালকদের অভিযোগ, “শহরের সব রুটে টোটো চলছে, শুধুমাত্র বিএনআর মোড় থেকে সাঁতায়শা রুটে আমাদের চালাতে দেওয়া হচ্ছে না। এতে আমাদের রুজি-রুটির সমস্যা হচ্ছে। প্রশাসনকে অবিলম্বে এই রুটে টোটো চালানোর অনুমতি দিতে হবে।”
