কাজল মিত্র : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার গুঞ্জন ইকোলজিক্যাল পার্ক এক সময় অবহেলায় পড়ে থাকা সবুজের কোণা। সোমবার সেই পার্কই যেন নতুন প্রাণ ফিরে পেল। ছ’মাসের দীর্ঘ সংস্কার কাজ শেষ করে ফিতা কেটে উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এবং জেলা শাসক পোন্নাম্বলম এস।নতুন বছরের আগেই গোটা পার্ক যেন সাজল উৎসবের রঙে। পর্যটকদের কথা মাথায় রেখে বসানো হয়েছে সিমেন্টের বেঞ্চ, শিশুদের জন্য তৈরি হয়েছে নানা রকম দোলনা, আর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঋতুভেদে ফুটে থাকা রঙিন ফুলের সারি।

সবচেয়ে নজর কেড়েছে পার্কের মাঝখানে তৈরি বড় জলপ্রপাত, যার চারদিকে বসানো রঙিন লাইট রাতের অন্ধকারে এনে দেবে আলাদা সৌন্দর্য। পিকনিক মরসুমের ভিড় সামলাতে পিকনিক স্পটটিকেও নতুন করে আধুনিক সাজে গড়ে তোলা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানান, পার্কটির রক্ষণাবেক্ষণ করছে ADPC। একসময় অবস্থা খুবই শোচনীয় ছিল। ছ’মাস ধরে চলা উন্নয়ন কাজ শেষে পার্ক আজ সম্পূর্ণ সজ্জিত। শিশু থেকে বড় সবারই কথা মাথায় রেখেই সুবিধা বাড়ানো হয়েছে।এই উপলক্ষে জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমেন্দ্র নাথ সিং ঠাকুর অতিথিদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানান।উপস্থিত ছিলেন, পুলিশ সদর দপ্তরের কমিশনার অরবিন্দ কুমার আনন্দ আইপিএস, পুলিশ কমিশনার সেন্ট্রাল আইপিএস ধ্রুব দাস, পুলিশ কমিশনার পূর্ব আইপিএস অভিষেক গুপ্ত, আসানসোলের এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য।সংস্কারের পর গুঞ্জন ইকোলজিক্যাল পার্ক যেন নতুন রূপে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি। ২০২৬-এর জানুয়ারি থেকে যখন শুরু হবে পিকনিকের মরসুম, তখন ভিড় সামলানোর প্রস্তুতিতেও তৈরি প্রশাসন।
