কাজল মিত্র : জামুড়িয়া এলাকার (ইসিএল)-এর কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভূগর্ভস্থ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হলেন ৪০ জনেরও বেশি খনি শ্রমিক। ঘটনায় একজন শ্রমিকের মৃত্যুর খবরও সামনে এসেছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত খনি কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি।জানা গিয়েছে, বুধবার প্রথম সীফটে খনির ২৭ নম্বর সেকশনে শ্রমিকরা কয়লা কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকাই খনির একটি স্তর থেকে প্রবল এয়ার ব্লাস্ট হয়। বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে তীব্র বায়ুচাপ তৈরি হয়ে খনির ভিতরে থাকা শ্রমিকরা চারদিকে ছিটকে পড়েন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকাশ্রমিকও রয়েছেন বলে জানা গেছে।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় খনির ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই খনির উপরে থাকা আধিকারিকরা উদ্ধারকাজ শুরু করেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল সহ ইসিএলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

কী কারণে এই বিস্ফোরণ, খনিতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ঘটনার পর খনি শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে শুরু করেছে।শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, খনি কর্তৃপক্ষের গাফিলতি এবং সঠিক নজরদারির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় শ্রমিক মহলে তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
