নিজস্ব প্রতিনিধি, আসানসোল : নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অগ্নিমূল্য রুখতে আসানসোলে আচমকা অভিযানে নামল জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক এস পন্নামবালমের নেতৃত্বে কৃষি বিপণন দপ্তর, খাদ্য ও উপভোক্তা বিষয়ক দপ্তর, অতিরিক্ত জেলাশাসক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি যৌথ দল শহরের বিভিন্ন বাজারে পরিদর্শন চালায়।জানা গিয়েছে, অভিযানে চাল, চিনি, পেঁয়াজ সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর খতিয়ে দেখা হয়। বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পাইকারি ও খুচরো বাজারের দামের তুলনামূলক পর্যালোচনা করে প্রশাসন। কোথাও কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি চালানো হয়।

এই বিষয়ে জেলাশাসক এস পন্নামবালম জানিয়েছেন, অকারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাজারে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি ধরা পড়লে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
