মোহনপুর কলিয়ারিতে কর্মবিরতি, বেতন ও সুরক্ষার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের

কাজল মিত্র: বেতন বকেয়া, সুরক্ষার অভাব এবং একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন মোহনপুর কলিয়ারির শ্রমিকরা। বুধবার সকাল থেকে খনি চত্বরে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন টিপার চালক, হেল্পার ও খনি শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ দেড় বছর ধরে তাঁরা একই সমস্যার সম্মুখীন। ঠিক সময়ে বেতন পাচ্ছেন না। দু’মাস পর পর বেতন দেওয়া হচ্ছে। হেল্পারদের ৭-৮ হাজার এবং ড্রাইভারদের ১৫-১৬ হাজার টাকা দেওয়া হচ্ছে, যা বাইরের শ্রমিকদের তুলনায় অনেক কম। স্থানীয় শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ।

শুধু বেতন নয়, খনিতে ন্যূনতম পরিকাঠামোও নেই বলে দাবি শ্রমিকদের। তাঁদের কথায়, ফার্স্ট-এইডের ব্যবস্থা নেই, PF, ESI নেই, এমনকি পরিচয়পত্রও দেওয়া হয়নি। বাইক রাখার শেড নেই, রোদ-বৃষ্টিতে আশ্রয় নেওয়ার মতো কোনও শেড নেই। পানীয় জল এবং যাতায়াতের রাস্তারও অভাব রয়েছে। বর্ষাকালে বৃষ্টির জন্য কাজে আসতে না পারলে দু’দিনের হাজিরা কেটে নেওয়া হচ্ছে। রবিবার এবং জাতীয় ছুটির দিনের মজুরিও দেওয়া হচ্ছে না। আগের মাসের ২ দিনের রেস্টের টাকা এবং অনেকের ১-২ দিনের হাজিরাও কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রোডাকশন হয়নি এই অজুহাত দেখানো হচ্ছে।

শ্রমিকদের আরও অভিযোগ, গতকাল রাত থেকে তাঁরা কাজ বন্ধ রেখেছেন। মালিক পক্ষ আসবে বলে জানালেও, সকাল থেকে হাজিরা করে বসে থাকলেও কেউ আসেনি।

এই খনির দায়িত্বে থাকা কোম্পানির নাম মহাগুরু এবং মালিক অরবিন্দ সিং বলে জানিয়েছেন শ্রমিকরা।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, “আমরা যেভাবে মাইনের ভেতরে ডিউটি করছি, কোনও দুর্ঘটনা ঘটলে আমাদের কী হবে? আমাদের সুরক্ষা কোথায়? আমরা চাই মালিক পক্ষ সামনে এসে একটা সমাধান করুক।

তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত খনি বন্ধই থাকবে।

এই বিষয়ে কোম্পানির কোনও আধিকারিকের বা ইসিএল ম্যানেজমেন্টের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *