সালানপুরে যৌথ বাজার পরিদর্শন, মূল্যবৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে কড়া বার্তা প্রশাসনের

কাজল মিত্র :- মঙ্গলবার সালানপুর থানার রূপনারায়ণপুর বাজার ও আমলাদহী বাজার এলাকায় SDO পর্যায়ের যৌথ বাজার পরিদর্শন অভিযান চালানো হল।এদিনের অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক(SDO) সাধন দেবনাথের নেতৃত্বে এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন এসিপি (কুলটি) জাবেদ হোসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার চারটি ব্লক জুড়ে একযোগে এই পরিদর্শন চলছে। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জিনিসপত্রের দাম, মজুত এবং গুণগত মান খতিয়ে দেখা হয়।
বাজার পরিদর্শনের সময় চাল, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল, বিভিন্ন শাকসবজি এবং মাছ-মাংসের বর্তমান দর বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়।পাইকারি ও খুচরো বাজারের দামের পার্থক্য খতিয়ে দেখে কৃত্রিমভাবে কোনো পণ্যের দাম বাড়ানো হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করেন আধিকারিকরা।

পরিদর্শনের পর আধিকারিকরা জানান, সোনার দাম সহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে দেখা গেছে। দোকানদারদের সঙ্গে কথা বলা হয়েছে এবং সমস্ত তথ্য রেকর্ড করে জেলা শাসকের কাছে পাঠানো হবে।তাঁরা আরও জানান, এই অভিযানের মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে আশ্বস্ত করা এবং যারা অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে, তাদের কাছে কড়া বার্তা পৌঁছে দেওয়া। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *