আসানসোল /কাজল মিত্র: মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হল বিশেষ বাহিনী ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।এদিন এই স্কোয়াডের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নমবলম, পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১০ জন মহিলা পুলিশকর্মীকে নিয়ে এই স্কোয়াড গঠন করা হয়েছে। তাঁদের ‘শ্রীশক্তি’ নামে চিহ্নিত করা হয়েছে। ১০টি মোটরবাইক ও স্কুটিতে চড়ে গোটা কমিশনারেট এলাকায় টহল দেবেন তাঁরা।কী কাজ করবে এই বাহিনী?মূলত মহিলাদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়ে কাজ করবে এই স্কোয়াড। ইভটিজিং, শ্লীলতাহানি, মহিলাদের উপর হামলা বা যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে রাস্তায় সক্রিয় থাকবে এই বাহিনী। অভিযোগ পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোই তাদের প্রধান লক্ষ্য।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কোনও মহিলা বিপদে পড়লে ১০০ বা ১১২ নম্বরে ফোন করলেই সাহায্য মিলবে। খবর পাওয়া মাত্রই দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।পুলিশ প্রশাসনের আশা, স্কুল-কলেজ, ভিড় বাজার, বাসস্ট্যান্ড, শিল্পাঞ্চলের ব্যস্ত মোড়ের মতো মহিলাদের যাতায়াত বেশি এমন এলাকাগুলিতে এই বাইক বাহিনী দ্রুত পৌঁছতে পারবে। ফলে অপরাধ দমনে বাড়তি সুবিধা হবে।এই নতুন উদ্যোগ মহিলাদের নিরাপত্তায় কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে শিল্পাঞ্চলের মানুষ।
