কাজল মিত্র: ভোট মিটতেই সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার বার্নপুরের ভারতী ভবনে মণ্ডল স্তরের কর্মীদের নিয়ে আয়োজিত বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের কেউ তোলাবাজি বা বেআইনি কাজে জড়ালে কোনওভাবেই রক্ষা করা হবে না।বৈঠকে মূলত এলাকার সমস্যা ও সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের অগ্নিমিত্রা বলেন, “ভোটের পর থেকে বুথ ও মণ্ডল স্তরের কর্মীদের সঙ্গে সেভাবে বৈঠক করা হয়ে ওঠেনি। তাই এবার সবাইকে নিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করার কাজ শুরু হলো।”

বিধায়কের নির্দেশ, প্রত্যেক কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনতে হবে।
অন্নপূর্ণা যোজনার টাকা কে পেলেন, কে পেলেন না
কোথায় পানীয় জলের সমস্যা, কোথায় রাস্তা, ড্রেন ও পথবাতি খারাপ- স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্কুলের পরিষেবা ঠিকমতো মিলছে কিনা – সব তথ্য জোগাড় করে প্রশাসনের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, জল, জঞ্জাল, ড্রেনেজ ও রাস্তার সমস্যা দ্রুত সমাধানের জন্য হাসপাতাল, থানা ও জরুরি পরিষেবার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের ফোন নম্বর বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে, যাতে মানুষ সরাসরি যোগাযোগ করতে পারে।

তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তোলাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি। অগ্নিমিত্রা পাল সাফ বলেন, “কোনও কর্মী তোলাবাজি বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলে আমি তাকে বাঁচাতে পারব না। অভিযোগ প্রমাণ হলে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে।”বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট, লাইসেন্স ছাড়া লজ-হোটেল ব্যবসা, ফায়ার লাইসেন্স ছাড়া গোডাউন চালানো – এসব বিষয়ে নজর রাখতেও কর্মীদের নির্দেশ দেন তিনি। বিশেষ করে যেসব গলিতে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি ঢুকতে পারে না, সেই তথ্য প্রশাসনকে জানাতে সাধারণ মানুষের কাছেও আবেদন জানান তিনি।তার কথায়, সরকার, দলীয় কর্মী ও সাধারণ মানুষ – এই তিনের সমন্বয়েই এলাকার উন্নয়ন সম্ভব।
