কাজল মিত্র : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বরাকর লখিয়াবাদের ৬৮ নম্বর ওয়ার্ডের মহিলারা। সোমবার সকালে ধৈর্যের বাঁধ ভেঙে শতাধিক মহিলা বরাকর-কল্যাণেশ্বরী বাইপাসের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসেন। রাস্তায় বসে রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগান দিতে থাকেন তারা। এর জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে যায়, গাড়ির লম্বা লাইন পড়ে যায় এবং নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও আজ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের এক টাকাও ঢোকেনি। এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। মধ্যবিত্ত ও গরিব পরিবারের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকারি সাহায্য না মেলায় ক্ষোভ আরও বেড়েছে।

আন্দোলন চলাকালীন ভোটব্যাঙ্কের রাজনীতি নিয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। তাদের সাফ প্রশ্ন, “ভোটের সময় তো কোনও নেতা বলেন না যে দোতলা বাড়ি বা গাড়ি আছে বলে ভোট দিতে হবে না। যখন ভোট সবার সমান, তাহলে প্রকল্পের সুবিধা দেওয়ার সময় কেন এই ভেদাভেদ করা হচ্ছে?” মহিলাদের অভিযোগ, হক দেওয়ার সময় সরকার মুখ ফিরিয়ে নিচ্ছে, যা আর মেনে নেওয়া হবে না।ব্যস্ত বাইপাসে ঘণ্টার পর ঘণ্টা অবরোধের খবর পেয়ে বরাকর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন কুমার রজক বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ক্ষুব্ধ মহিলাদের রাস্তা থেকে সরাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। দীর্ঘক্ষণ বুঝিয়ে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবশেষে অবরোধ তোলেন মহিলারা।তবে যাওয়ার আগে তারা হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন, যদি দ্রুত বকেয়া টাকা অ্যাকাউন্টে না ঢোকে এবং দিনে দু’বার জল সরবরাহ চালু না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলনে নামবেন।
