‘লাভার্থী সম্পর্ক অভিযান’-এর মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই লক্ষ্য: বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী

আসানসোল, ৭ আগস্ট: কাজল মিত্র : সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের প্রকৃত সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং গুজব-বিভ্রান্তি রুখতেই ‘লাভার্থী সম্পর্ক অভিযান’ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার আসানসোল উত্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, “রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। কিন্তু অনেক সময় সাধারণ মানুষ সঠিক তথ্যের অভাবে বা গুজবের কারণে আবেদন করতে পারেন না। ‘লাভার্থী সম্পর্ক অভিযান’-এর মাধ্যমে আমরা ঘরে ঘরে গিয়ে প্রকল্পের তথ্য, আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতা বুঝিয়ে দেব।”

তিনি বিশেষভাবে অন্নপূর্ণা যোজনা-র কথা উল্লেখ করে বলেন, “যোগ্য উপভোক্তারা যেন নির্ভয়ে আবেদনপত্র পূরণ করেন। যাঁরা প্রকৃত প্রাপ্য, তাঁদের অ্যাকাউন্টে নির্ধারিত আর্থিক সুবিধা সরাসরি পৌঁছে যাবে। দালাল বা মাঝখানের কোনো ব্যক্তির প্রয়োজন নেই। গুজবে কান দেবেন না।”এছাড়াও বিধায়ক জানান, মাতৃশক্তিদের সুবিধার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়েছে। এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও গতিশীল করতে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন বলে তিনি জানান।এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলাসভাপতি দেবতানু ভট্টাচার্য্য*। তিনি বলেন, “আমাদের লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতা। সরকারের প্রকল্পের নামে যাতে কেউ মানুষকে ঠকাতে না পারে, সেটাই আমরা নিশ্চিত করব। কর্মীরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে লাভার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।”উপস্থিত বিজেপি নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা, জল-নিকাশি, রাস্তা ও স্বাস্থ্য পরিষেবা নিয়েও আলোচনা করেন। আগামী দিনে আসানসোল উত্তরকে একটি আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *