ধূসর আতঙ্কে সাঁকতোড়িয়া ছাইবোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ, স্থায়ী সমাধান চাইলেন বাসিন্দারা

কাজল মিত্র : রাস্তা দিয়ে গাড়ি যায়, আর তার সাথে উড়ে বেড়ায় বিষাক্ত ছাই। দীর্ঘদিনের এই যন্ত্রণা আর সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাস্তায় নামলেন সাঁকতোড়িয়ার হুসেনিয়া মোড়ের বাসিন্দারা।কুলটি থানা এলাকায় ছাইবোঝাই কয়েকটি ডাম্পার আটকে দিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দূষণ বন্ধ করে অবিলম্বে বিকল্প ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা।স্থানীয়দের অভিযোগ, পুরুলিয়ার রঘুনাথপুর থেকে প্রতিদিন ছাই নিয়ে ডাম্পারগুলো ডিসেরগড়- নিয়ামতপুর সড়ক ধরে যাতায়াত করছে। ঢাকা না থাকায় চলার পথেই ছাই উড়ে রাস্তা ও বাড়িঘর ধূসর হয়ে যাচ্ছে।শুধু রাস্তা নয়, বাতাসেও মিশছে মিহি ছাই। এর ফলে এলাকায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা সহ নানা রোগের প্রকোপ বাড়ছে বলে দাবি বাসিন্দাদের। বারবার বলেও কোনো লাভ হয়নি।

খবর পেয়ে সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ছুটে আসে। পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।আন্দোলনে যোগ দেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। তিনি বলেন, “বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। মন্ত্রী অজয় পোদ্দারকেও জানানো হয়েছে।” তাঁর হুঁশিয়ারি, দ্রুত সমাধান না হলে আগামীতে আরও বড় আন্দোলন হবে।এই নিয়ে প্রশাসন বা সংশ্লিষ্ট পরিবহন সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।মানুষের তাই একটাই জিজ্ঞাসা —
উন্নয়নের নামে এই ধুলো-ছাই কি এভাবেই গিলতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *