কাজল মিত্র: রবিবার সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কুলটিতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে জুয়ান জুমিদ সাওতা কুলটি-সালানপুর শাখার উদ্যোগে এবং কুলটি-সালানপুর আদিবাসী যুবসমাজের সহযোগিতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুলটি বিধানসভার অন্তর্গতদেন্দুয়া-কল্যাণেশ্বরী রোডের কদভিটা মোড়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের মধ্যে ৮০টি শালগাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার উৎসাহ দিতে ফুটবলও তুলে দেওয়া হয় তাদের হাতে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট সদস্যরা। এদের মধ্যে ছিলেন দুর্গেশ কিস্কু, দেবলাল মুর্মু, শ্যামলাল বেশরা, প্রকাশ হাঁসদা সহ আরও অনেকে। বক্তারা এদিন আদিবাসী সমাজের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তাঁরা।

বক্তারা বলেন, “আদিবাসী সমাজ প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জঙ্গল, জমি, জল — এগুলোই আমাদের জীবন। তাই শালগাছ লাগানোর মাধ্যমে আমরা শুধু পরিবেশই বাঁচাচ্ছি না, আমাদের সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখছি।”শিশুদের হাতে ফুটবল তুলে দেওয়া প্রসঙ্গে আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা ও কুসংস্কার থেকে দূরে রাখা এবং শিক্ষার পাশাপাশি শরীরচর্চায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে বিশ্ব আদিবাসী দিবসের শপথ নেন — আদিবাসী অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় একসাথে কাজ করার। গাছ বিতরণ ও ফুটবল পেয়ে খুশি এলাকার মানুষ ও শিশুরা।স্থানীয় বাসিন্দারা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
