সংবাদদাতা,আসানসোলঃ ‘উৎস্বর্গ’ প্রকল্পের মাধ্যমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সমস্ত থানাগুলিতে পর্যায়ক্রমে আয়োজন করা হচ্ছে স্বেচ্ছা রক্তদান শিবির এবং একই সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই রকমই এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল জামুড়িয়া থানা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনারেটের ডিসি(সেন্ট্রাল)ধ্রুব দাস, এসিপি (সেন্ট্রাল) বিমান কুমার মির্ধা এবং জামুড়িয়া থানার ইনচার্জ সোমেন্দ্র সিংহ ঠাকুর সহ অন্যান্য পুলিশ আধিকারিক।

নিজের বক্তব্যে ডিসি (সেন্ট্রাল)ধ্রুব দাস বলেন, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিটি থানা এলাকায় এই ধরনের শিবির আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচীর লক্ষ হল সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যদি কারো রক্তের প্রয়োজন হয় তাহলে তিনি স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করবে। এলাকার বহু মানুষ এখানকার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। একই সঙ্গে এখানে জামুড়িয়া থানা এলাকার মেধাবী শিক্ষার্থীদেরও সম্মানিত করা হয়।
