দেশের জন্য প্রাণ দিলেন মামরা বাজারের সন্তান, শেষ বিদায় দুর্গাপুরে

সংবাদদাতা, দুর্গাপুর : দেশের সেবায় জীবন উৎসর্গ করলেন দুর্গাপুরের এক তরুণ সেনা জওয়ান। কাশ্মীরে ফিল্ড ফায়ারিং চলাকালীন শহীদ হলেন দুর্গাপুরের মামরা বাজার সংলগ্ন বিদ্যাসাগরপল্লীর বাসিন্দা, ২৮ বছরের অজয় জয়সওয়াল। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।জানা গেছে, প্রায় ছয় বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন অজয় জয়সওয়াল। বর্তমানে কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি। সেনাবাহিনীর ৩২৩ মিডিয়াম রেজিমেন্টে নায়েক পদে কর্মরত ছিলেন তিনি। গত ১০ মার্চ ফিল্ড ফায়ারিং চলাকালীন দুর্ঘটনায় তিনি শহীদ হন বলে সেনা সূত্রে জানা গেছে।শুক্রবার সেনাবাহিনীর জওয়ানরা বীর শহীদের মরদেহ নিয়ে আসেন তাঁর দুর্গাপুরের বাড়িতে। সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় দেশের এই সাহসী সন্তানকে। জাতীয় পতাকায় মোড়া কফিন ঘিরে সেনা জওয়ানদের স্যালুটে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন।

বীর শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। এছাড়াও সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় এবং অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান।এদিন অজয় জয়সওয়ালের বাড়ির সামনে ভিড় জমায় মামরা বাজার ও আশপাশের এলাকার মানুষ। “জয় হিন্দ” ধ্বনি আর অশ্রুসিক্ত শ্রদ্ধায় শেষবারের মতো বিদায় জানান তাঁরা এলাকার গর্বকে।দেশরক্ষার কঠিন দায়িত্ব পালন করতে গিয়েই জীবন দিলেন অজয় জয়সওয়াল। তাঁর আত্মত্যাগ শুধু তাঁর পরিবারের নয়, সমগ্র দুর্গাপুরের গর্ব। এই শহীদের স্মৃতি ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমের নতুন শিক্ষা দেবে এটাই বিশ্বাস এলাকার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *