নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরে বৃদ্ধাশ্রমে ৮ দিন ধরে কারেন্ট নেই। জল নেই। ৩২ জন বৃদ্ধ-বৃদ্ধা অন্ধকারে দিন কাটাচ্ছেন।
ওরা বলছেন – “আমাদের কেউ নাই।” আর এই খবর শুনেই ছুটে গেলেন এক যুব নেতা।দুর্গাপুরের আমরাই ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে নেমে এসেছে অন্ধকার।বৃদ্ধাশ্রমে জীবনের শেষ বয়সে একটু শান্তি, একটু নিরাপত্তা আর নিশ্চিন্তে বেঁচে থাকার আশায় আশ্রয় নেন অসহায় প্রবীণ মানুষরা। কিন্তু সেখানেই এখন চরম ভোগান্তি। অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কার্যত চরম সমস্যার মুখে পড়েছেন তাঁরা। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গিয়েছে জলের পরিষেবাও। পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ – সবকিছু নিয়েই চরম ভোগান্তি। অন্যদিকে বাড়ির মালিকের অভিযোগ, ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এই খবর পেয়েই বৃদ্ধাশ্রমে ছুটে যান যুব নেতা তথা সমাজসেবী পারিজাত বন্দ্যোপাধ্যায়।

সেখানে পৌঁছে তিনি আবাসিকদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন।তিনি বলেন, “আমরা খবর পেলাম যে এখানে কারেন্ট নাই। একটা বৃদ্ধাশ্রমে কারেন্ট নাই। কারেন্ট কেটে দিয়েছে। জলের লাইন কেটে দিয়েছে। অবাক হলাম শুনে।”
পারিজাতের অভিযোগ, যারা বৃদ্ধাশ্রমটা নিয়েছে, তাঁরা তিন মাস ধরে বিল দেয়নি। তিনি বলেন, “যারা বৃদ্ধাশ্রমটা নিয়েছে, তাঁরা তিন মাস ধরে বিল দেয়নি। এবং যারা বৃদ্ধাশ্রমটা ভাড়া দিয়েছেন, তাঁরা টাকা পেয়ে তারা কারেন্টটা কেটে দেয়। সে তো এতগুলো বত্রিশটা পরিবারের দায়িত্ব নিয়েছে। সে কিভাবে এই দায়িত্বহীন কাজটা করতে পারলো?”তাঁর আরও অভিযোগ, “যারা বৃদ্ধাশ্রম করছেন তাঁরা তো সিএসআর ফান্ড পান গভর্নমেন্ট থেকে। তিন মাস ধরে সিএসআর ফান্ড নেবেন আর এইভাবে মানুষদেরকে ফেলে রাখবেন তা কিন্তু মানবো না। তাদের রেজিস্ট্রেশন আমরা ক্যানসেল করবো।”পারিজাত আরও বলেন, স্টাফরা নাকি মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। বাইরের লোক এসে খাবার দিয়ে যাচ্ছে। তাহলে টাকা যাচ্ছে কোথায়?
বৃদ্ধাশ্রমের এক আবাসিকের গলায় ফুটে উঠল অসহায়তা। তিনি বলেন, “আমাদের কেউ নাই।”এই একটা লাইনই বলে দিচ্ছে, কতটা অসহায় এই মানুষগুলো।সমস্যার দ্রুত সমাধানের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পারিজাত।
তিনি বলেন, “আমরা আটচল্লিশ ঘণ্টা টাইম দিয়েছি। যদি এই সুরাহা না করতে পারেন তার ব্যবস্থা আমরা করে নেবো। চব্বিশ ঘণ্টার মধ্যে যদি এরা কারেন্ট না পায়, আমি নিজের হাতে এসে কারেন্ট জুড়ে দিয়ে যাবো। আমি আশ্বাস দিতে আসিনি। আমি কাজ করতে এসছি।”
শুধু আশ্বাস দিয়েই দায়িত্ব শেষ করেননি পারিজাত। বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেন খাবার ও শীতবস্ত্র। এই শীতের মরশুমে প্রবীণ মানুষগুলির যাতে অন্তত কিছুটা স্বস্তি মেলে, সেই চেষ্টাই করেন তিনি।
রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে অসহায় প্রবীণ মানুষগুলির পাশে দাঁড়িয়ে ফের মানবিকতার বার্তা দিলেন তিনি।
