টানা বৃষ্টিতে ধসে পড়ল সিপিএমের গ্রাম পঞ্চায়েত সদস্যের মাটির বাড়ি

সংবাদদাতা, আসানসোল: একটানা বৃষ্টির জেরে শৌচালয় সহ ধসে গেল বসবাসের মাটির বাড়ি। অল্পের জন্যে রক্ষা পেলেন রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য সৌমেন বাউরি তার স্ত্রী শকুন্তলা বাউরি ও দুই ছেলেমেয়ে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বক্তানগর গ্রামে বাউরি পাড়ায়। দেওয়াল ধসে পড়ার শব্দ ও পরিবারের সদস্যদের আর্তনাদে ছুটে আসেন প্রতিবাসীরা। তারা ধসে যাওয়া বাড়ির মধ্যে থাকা সকল সদস্যদের উদ্ধার করেন। গৃহহীন হওয়ায় সৌমেন বাউড়ি ও তার পরিবারকে অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়।

জানা গেছে, ২০২০ সালে যখন সৌমেন বাউরি পঞ্চায়েত সদস্য ছিলেন না তখনই তিনি ইন্দিরা আবাস প্রকল্পে বাড়ি তৈরির জন্য আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ এলাকার অনেকেই আবাস প্রকল্পে বাড়ি পেলেও সৌমেন বাউরির পাকা বাড়ি হয়নি। সৌমেন জানান, তিনি বাড়ির নকশা সহ বিভিন্ন বৈধ কাগজপত্র জমা দিলেও প্রকল্পের বাড়ি পাননি। তার মতই এলাকার আরো অনেকেই বাড়ি পাননি। অভিযোগ উঠেছে, শাসক দলের নেতা ও কর্মীদের সঙ্গে পরিচয় রয়েছে যাদের, তাদের বাড়ি হয়েছে। যদিও শাসক দলের পক্ষ থেকে এবিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *