সংবাদদাতা,দুর্গাপুরঃ দীর্ঘ প্রতিক্ষার অবসান। মাসের পর মাস,বছরের পর বছরের ভোগান্তিরও অবসান। অজয় নদের দুই পারের বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মানুষের স্বপ্নপূরণ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয়ে গেল অজয় সেতুর। অজয় নদীর ওপর তৈরি অস্থায়ী সেতুটি নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল বরাবর। বর্ষাকালে জলের তোড়ে ভেসে যেত বাঁশের সেতু। দুই পারের যোগাযোগ ব্যবস্থা কঠিন হয়ে পড়তো। অনেকেই জীবন হাতে নিয়ে সময় বাঁচানোর জন্য ভয়াল অজয়ে নৌকায় যাতায়াত করতেন। প্রশাসনের তরফ থেকে নজরদারি সবসময় চললেও ঠেকানো যেত না পারাপার। তারপরেই অজয় নদীর ওপর শিবপুরের সঙ্গে বীরভূমের যোগাযোগ রক্ষা করতে একটি সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়। ২০১৭ সালে কাঁকসার রঘুনাথপুরে এক সভায় এসে অজয়ের উপর এই সেতু নির্মাণের কথা বলে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে আট বছরের মাথায় বীরভূমের ইলামবাজারে একটি অনুষ্ঠান থেকে সেই সেতুর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই উপলক্ষ্যে কাঁকসার শিবপুরের দিকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পূর্ত দফতর। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার,জেলা শাসক এস পুন্নমবলম, বিধায়ক নরেন চক্রবর্তী,গলসীর বিধায়ক নেপাল ঘড়ুই,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিএসের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমূখ।
