সংবাদদাতা,দুর্গাপুরঃ সারা রাজ্যেই বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক যে কাজ চলছে সেখানে বাদ নেই দুর্গাপুরও। আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা তথা এডিডিএর উদ্যোগে দুর্গাপুরেও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা নির্মান ও সংস্কারের কাজ চলছে। শুক্রবার শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আরও একটি রাস্তা আম্বেদকর সরণীর প্রশস্তকরনের কাজের শিলান্যাস করা হল। সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর সিনেমা হলের পাশ দিয়ে রাস্তাটি কবিগুরু জংশন পর্যন্ত ফোর লেন হবে।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর – উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ অন্যান্যরা। জানা গেছে,এই রাস্তা তৈরীর জন্য প্রায় ৮ কোটি টাকা খরচ হবে এবং এই রাস্তার পাশে পার্কিং প্লেস এবং সার্ভিস রোডও নির্মিত হবে।
