সংবাদদাতা,দুর্গাপুর: রথ উৎসবের ঠিক আগের দিনই দুর্গাপুরে চালু হয়ে গেল সার্কাস দেখার সুযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় গান্ধী মোড় সংলগ্ন ময়দানে একমাসব্যাপী রায়ান সার্কাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন পুর প্রশাসনিক বোর্ডের দুই সদস্য রাখী তেওয়ারী ও ধর্মেন্দ্র যাদব। অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, সার্কাস আয়োজকদের উৎসাহ দিতেই তারা এখানে এসেছেন।

তিনি বলেন,এখন যেহেতু পশুপাখিদের আর সার্কাসে দেখা যায় না তাই অন্যান্য কিছু আকর্ষণীয় খেলা নিয়ে এরা এসেছেন। তিনি এই সার্কাস দেখার জন্য দুর্গাপুরবাসীর কাছে আবেদন রেখেছেন। রায়ান সার্কাসের ম্যানেজার রাজেশ মন্ডল জানান,কাটোয়া ও সিউড়ির পর তারা দুর্গাপুরে এসেছেন। পশুদের খেলা নিষিদ্ধ হলেও অন্যান্য অনেক খেলা এখানে রয়েছে যা দর্শকদের আনন্দ দেবে।জানা গেছে, সারাদিনে তিনটি করে শো এখানে হচ্ছে। সময় দুপুর ১ টা, বিকেল ৪ টে এবং সন্ধ্যে ৭ টা। টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০,১৫০ এবং ২০০ টাকা।
