সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রায় ৭০ বছরের পুরানো দামোদরের উপর দুর্গাপুর ব্যারেজের সেতুটি দীর্ঘকাল ধরে বেহাল দশায় থাকার পর সম্প্রতি সেটি সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজ শুরুর মুখে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে গেছেন মানস ভুঁইয়া। তিনিও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছিলেন। বর্ষার কারনে ১৫ জুনের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়েছে। রবিবার এই কাজ পরিদর্শনে এসে একই কথা বলেছেন সেচ দপ্তরের সচিব মণীশ জৈন। চলতি বছরের মার্চ মাস থেকে দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।

ব্যারেজের সেতুতে যান চলাচল নিয়ন্ত্রন করা চলছে বলে সেতুর নিচের দিকে বিকল্প রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তা দিয়েই পণ্যবাহী গাড়ি ছাড়া সমস্ত গাড়ি যাতায়াত করছে। সেচ দপ্তরের সচিব মণীশ জৈনের সঙ্গে ছিলেন বাঁকুড়ার জেলা শাসক এন সিয়াদ, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুন্নমবলাম,বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি,বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। সচিব বলেছেন,”দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দক্ষ ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে কাজ চলছে। ব্যারেজের কোনোরকম ক্ষতি না হয় সেদিকে নজর রেখেই কাজ চলছে। চেষ্টা চলছে ১৫ জুনের মধ্যে কাজ শেষ করার।”
