উচ্ছেদের নামে ‘প্রহসন’, অর্জুনপুরে মানবিকতার কফিনে শেষ পেরেক?

সংবাদদাতা দুর্গাপুর:- দুর্গাপুরের অর্জুনপুর! শিল্পোন্নয়নের নামে যে উন্নয়নের ঢাক পেটানো হয়, শুক্রবার ভোরে তার নগ্ন রূপই যেন সামনে এল। ডিভিসির ডিটিপিএস এলাকার নতুন ইউনিট ও হাসপাতাল নির্মাণের অজুহাতে চালানো উচ্ছেদ অভিযানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল এক অসহায় পরিবারের মাথার ছাদ। প্রশ্ন উঠছে, এ কি আইন না ক্ষমতার দাপট?অভিযোগ, ডিভিসির জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী চাইনা বাউরির টালির বাড়ি শুক্রবার ভোরে বুলডোজারের নিচে পড়ে। স্থানীয়দের দাবি, চাইনা বাউরি ক্যান্সারে আক্রান্ত, তবু একটুও মানবিকতা দেখানো হয়নি। ভোরের অন্ধকারে নোটিশ কাগজ নয়, ভাঙচুরের শব্দই যেন ছিল একমাত্র বার্তা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদে সরব হয় শাসক দল। শাসক দলের প্রাক্তন কাউন্সিলার অরবিন্দ নন্দির অভিযোগ,উন্নয়নের নামে গরিব উচ্ছেদ কোনো প্রশাসনিক পদক্ষেপ নয়, এ ক্ষমতার প্রদর্শনী।ডিভিসি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, একাধিক নোটিশ দেওয়ার পরও বেআইনিভাবে জমি দখল থাকায় আইন মেনেই উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়,

নোটিশের ভাষা কি মানুষের যন্ত্রণা বোঝে? ভোরের আলো ফোটার আগেই কেন এই অভিযান? কেন বিকল্প পুনর্বাসনের কোনও ছক নেই?
আইন কি মানবিকতার ঊর্ধ্বে?এই উচ্ছেদ ঘিরে এলাকায় ছড়ায় তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হলেও পুলিশের উপস্থিতি ছিল কেবল ক্ষত ঢাকার ব্যান্ডেজ?অর্জুনপুরের এদিনের ভোর কেবল একটি ঘর ভাঙার নয়,এ মানবিকতার উপর চালানো এক নির্মম আঘাত। উন্নয়ন যদি মানুষের অশ্রুতে স্নাত হয়, তবে সেই উন্নয়নের নৈতিক ভিত্তি কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *