আদালতের নির্দেশকেও বুড়ো আঙুল দেখিয়ে গুরুদুয়ারার কার্যালয় দখল করার অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ সদস্যদের, উত্তেজনা গুরুদুয়ারায়..

দুর্গাপুর: গুরু পূর্ণিমার আগেই গুরুদুয়ারা দখলকে কেন্দ্র করে কার্যত তুঙ্গে উঠল কমিটির দুই পক্ষের সংঘাত। গুরুদুয়ারার অফিস কার দখলে থাকবে, কে চালাবে কমিটি এই প্রশ্নেই এবার প্রকাশ্যে এল। পুরনো কমিটির অভিযোগ, কমিটির মেয়াদ এখনও শেষ না হলেও তাঁদের গুরুদুয়ারায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আদালতের নির্দেশের পরেও গুরুদুয়ারার কিছু লোকজন অফিসে তালা লাগিয়ে রাখছে বলে অভিযোগ। পাল্টা তালা লাগাতে গেলে সেই তালাও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন সদস্যের বিরুদ্ধে। যাকে ঘিরে শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নিজেকে গুরুদুয়ারা কমিটির সভাপতি বলে দাবি করে চঞ্চল সিং বলেন,

“আমার কমিটির মেয়াদ ২০২৮ সালের মে মাস পর্যন্ত রয়েছে। কিন্তু এরপর কিছু লোক আমার বিরুদ্ধে উল্টোপাল্টা মিথ্যা অভিযোগ এনে পেশিশক্তি দেখিয়ে গুরুদুয়ারা দখল করে নেয় এবং সব জায়গায় তালা লাগিয়ে দেয়। যেহেতু আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন, তাই আজ আমাদের কমিটির লোকজন সেখানে গিয়ে নিজেদের তালা লাগিয়েছিল। কিন্তু আমি শুনেছি যে ওরা আবারও পেশিশক্তি দেখিয়ে সেই তালা ভেঙে দিয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। ওরা দাবি করছে আমাদের কাছে নাকি কোনো কাগজপত্র নেই। কিন্তু আমার কাছে গুরুদুয়ারা ও গুরুদুয়ারা অফিসের পক্ষে আদালতের সম্পূর্ণ বৈধ কাগজপত্র রয়েছে। ওটা স্কুলের কোনো কাগজ নয়। সেখানে কোনো মারামারি বা কাউকে মারধর করার ঘটনা ঘটেনি। তালা লাগানো ছিল, ওরা তালা ভেঙে দিয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায়, তা আমরা দেখব। ওরা আমাদেরই সোসাইটির লোক, কিন্তু আগে ওরা কমিটিতে ছিল না। জোর করে নতুন কমিটি বানিয়েছে এবং আদালতের আইন মানছে না। আমরা এখন ন্যায়বিচার চাই।” অন্যদিকে, পাল্টা দাবি করে নিজেকে গুরুদুয়ারা কমিটির সম্পাদক বলে পরিচয় দেন গুরমিত সিং। তাঁর বক্তব্য, “ওরা আমাদের সঙ্গে বসতে চাইছে না। সেই জন্যই ঝামেলা হচ্ছে। হাইকোর্টের কাগজপত্র আছে স্কুলের নামে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *