কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম দুই কর্মী,

সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনা, জিও ফাইবারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন দুই কর্মী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পার্ক এলাকায়।জানা গেছে, দোতলায় কাজ করার সময় হঠাৎ আর্থিং থেকে কারেন্ট লেগে যায় দুজনের গায়ে। চোখের পলকে দুজনেই ঝলসে যান। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, একজনের শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। অপর কর্মী সায়নের শরীরের ৭৫ শতাংশের বেশি পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরজনের চিকিৎসা মহকুমা হাসপাতালেই চলছে।জানা গেছে, আহত সায়নের কোনও মেডিক্লেম, স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ড নেই। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন দুর্গাপুরের বিজেপি যুব নেতা পারিজাত বন্দ্যোপাধ্যায়। ক্যাশ দিয়ে মিশন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, “ওনার কোনও মেডিক্লেম নাই, স্বাস্থ্যসাথী নাই। তাই আমরা দায়িত্ব নিলাম। ক্যাশ দিয়ে ভর্তি করবো। আগে আমাদের কাছে প্রায়োরিটি পেশেন্টটাকে বাঁচানো। তারপরে যেটা করা দরকার সেটা করবো।” কাজের সময় সেফটি বেল্ট বা সুরক্ষার ব্যবস্থা ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে তিনি বলেন, “কাজের সময় সেফটি বেল্ট বা সুরক্ষার ব্যবস্থা ছিল কিনা, তা আগামী দিনে খতিয়ে দেখবো। দুর্গাপুরে কোনও মানুষের ক্ষতি হওয়া মানে আমাদের ক্ষতি হওয়া। যে করে হোক ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করবো।”এখন সায়নের দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *