সংবাদদাতা,দুর্গাপুরঃ পুজোর আগে একাধিক টলিউড অভিনেতা অভিনেত্রী দুর্গাপুরে এসেছেন। পুজো শুরুর কদিন আগেই নিজেদের ছবির প্রমোশনে দুর্গাপুরের জংশন মলের কাছে এক অনুষ্ঠানে এসেছিলেন দেব ও শুভশ্রী। এরপর মহাষষ্ঠীর সন্ধ্যায় দুর্গাপুরে আসেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইস্পাত নগরীর চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় উপস্থিত হয়েছিলেন টলিউডের এই তারকা। তাঁকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। তাঁদের উদ্দেশে অভিনেতা বলেন, “যতদিন বেঁচে থাকব, ততদিন অভিনয়ের মধ্য দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকব।” এ বছর ৬৬ বছরে পদার্পণ করেছে চণ্ডীদাসের রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজো। সমাজকর্মী পারিজাত গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই পুজোকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। পুজো প্রাঙ্গণে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হয়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে মাতেন উপস্থিত অনুরাগীরা। ওই একই দিনে দুর্গাপুরে সিটি সেন্টারে একটি আধুনিক হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। ‘দ্য স্টার লাইট ইন হোটেল’ এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অভিনেতা প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই, পরিজাত গাঙ্গুলী, হোটেল পরিচালক চঞ্চল চৌধুরী প্রমুখ। শহরের এই নতুন সংযোজনে এবং দুর্গাপুরের সামগ্রিক অগ্রগতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা প্রসেনজিৎ। তিনি বলেন, “দুর্গাপুর শহরে যে ধরনের উন্নয়নমূলক কাজ চলছে, তা সত্যিই প্রশংসনীয়। এই শহরের ইতিবাচক পরিবর্তন আমাকে অত্যন্ত আনন্দিত করেছে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম উন্নত ও আধুনিক শহর হিসেবে দুর্গাপুর পরিচিত হয়ে উঠবে।
দুর্গাপুরে পুজো ও নতুন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে এলেন টলিউড তারকা প্রসেনজিৎ
