পঞ্চায়েত প্রধান তৃণমূল দলের নির্বাচিত প্রতিনিধি হলেও দপ্তর চালাচ্ছেন তাঁর স্বামী!প্রধানের স্বামীকে কলার ধরে পঞ্চায়েত থেকে বার করলেন মহিলারা!

কাজল মিত্র ,- স্বজনপোষণ ও জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সরগরম হয়ে উঠল রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বিক্ষুব্ধ মহিলারা। ঘটনা চলাকালীন মেজাজ হারিয়ে পঞ্চায়েত প্রধানের স্বামীকে কলার ধরে টানতে টানতে কার্যালয় থেকে বের করে দেন তাঁরা।স্থানীয় বাসিন্দাদের ও বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান হলেন অপর্ণা দাস। কিন্তু বাস্তবে পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম পরিচালনা করেন তাঁর স্বামী বিপন দাস।


বিক্ষোভকারীদের দাবি প্রধান পদে অপর্ণা দাস থাকলেও নেপথ্যে সমস্ত সিদ্ধান্ত নেন তাঁর স্বামী।তৃণমূল আমল থেকেই পঞ্চায়েতের নানা উন্নয়নমূলক কাজে একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত বিপুল রায়। অভিযোগ, সরকারি খাস জমি বেআইনিভাবে হস্তান্তর ও ব্যবহারের জন্য কোনোরূপ তদন্ত ছাড়াই পঞ্চায়েত থেকে এনওসি (NOC) দেওয়া হয়েছে।বিক্ষুব্ধ মহিলাদের সাফ বক্তব্য, ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে একাধিক দুর্নীতি ও আর্থিক তছরুপের তথ্য সামনে আসবে।


পঞ্চায়েত কার্যালয়ে তীব্র উত্তেজনা ও হাতাহাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা।পুলিশের পক্ষ থেকে আশ্বাস দিয়ে জানানো হয় আগামীকাল থেকে পঞ্চায়েত চত্বর বা কার্যালয়ে প্রধানের স্বামীকে আর দেখা যাবে না। সরকারি কাজে তাঁর হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”পুলিশের এই মৌখিক আশ্বাসের পর অবশেষে ক্ষুব্ধ মহিলারা বিক্ষোভ তুলে নেন এবং পঞ্চায়েত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রূপনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *