কাজল মিত্র:- দীর্ঘদিন ধরে বারাবনি পঞ্চায়েত সমিতির অফিস বন্ধ থাকায় বারাবনিতে উন্নয়নের কাজ প্রায় অচল হয়ে পড়েছে।এই পরিস্থিতিতে মানুষের ক্ষোভ এবং কাজের ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বারাবনির বিধায়ক শ্রী অরিজিত রায়-এর নেতৃত্বে বারাবনি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল।বৈঠকে জানানো হয়, পঞ্চায়েত সমিতির মোট ২৩টি আসনের মধ্যে ১৩টি আসনে নির্বাচিত সদস্যরা ইতিমধ্যেই এসডিও অফিসে আত্মসমর্পণ করেছেন। কিন্তু বাকি ১০ জন এখনও আত্মসমর্পণ করেননি। ফলে কোরাম না থাকায় পঞ্চায়েত সমিতির সভা ডাকা যাচ্ছে না এবং বিভিন্ন প্রকল্পের কাজ আটকে রয়েছে।

বিধায়ক অরিজিত রায় বলেন, “পঞ্চায়েত সমিতি না চললে গ্রামের রাস্তা, পানীয় জল, ১০০ দিনের কাজ সহ সাধারণ মানুষের জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে ,মানুষ ভুগছে । যারা এখনও আত্মসমর্পণ করেননি, তাদের দ্রুত এসে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাই।”এই বিশেষ বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি বিডিও শিলাদিত্য ভট্টাচার্য্য ,বারাবনি থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জী,বারাবনি ১ নম্বর মন্ডলের সভাপতি প্রসেনজিৎ গড়াই বারাবনি ২ নম্বর মন্ডলের সভাপতি সোনা বন্দোপাধ্যায় , সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।বৈঠকে সিদ্ধান্ত হয়, দ্রুত প্রশাসনিক স্তরে বিষয়টি জানিয়ে বাকি ১০ জন সদস্যের সঙ্গে যোগাযোগ করে তাদের আত্মসমর্পণ করানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে উচ্চ স্তরে হস্তক্ষেপের কথাও ভাবা হচ্ছে, যাতে পঞ্চায়েত সমিতির কাজ স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দারা জানান, অফিস বন্ধ থাকায় তারা বিভিন্ন সার্টিফিকেট এবং প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়ছেন। দ্রুত সমাধান চেয়ে তারা বিধায়ক এবং প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
