কাজল মিত্র : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী “নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ।’ তৈরির কর্মসূচি নিয়ে
আজ, সোমবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হল
‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। অনুষ্ঠানটি চলবে ৯ অগস্ট পর্যন্ত। সপ্তাহব্যাপী এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করা এবং রাস্তায় শৃঙ্খলা ফেরানো।সেই মত সোমবার আসানসোলের একটি অনুষ্ঠানে রেলির মধ্যে দিয়ে এই সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা হয়।
যেখানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী, আসানসোল পুলিশ কমিশনার ড: প্রণব কুমার,আসানসোল ট্রাফিক বিভাগের আধিকারিক ড: ভি জী সতীশ পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্ন বলম ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক ও ছাত্র ছাত্রীরা ।

গাড়িচালকদের একাংশকে এ দিন পথ নিরাপত্তা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, দুর্ঘটনার কবলে পড়লে আহতকে সিপিআর দিয়ে কী ভাবে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায়, তারও প্রশিক্ষণ দেওয়া হয়।এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মত্ত অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহতা এবং সড়ক দুর্ঘটনার বীভৎসতা তুলে ধরে নাটক পরিবেশন করা হয় ।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, “রাস্তা সবার। তাই নিয়ম মানার দায়িত্বও সবার। পুলিশ, প্রশাসন এবং সাধারণ মানুষ একসাথে কাজ করলেই আসানসোলকে দুর্ঘটনামুক্ত করা সম্ভব।”প্রতিদিন বাড়ছে গাড়ির সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। হেলমেট পরা, সিট বেল্ট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মানা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর উপর বিশেষ জোর দেওয়া হয়।

পুলিশ কমিশনার ড: প্রণব কুমার,জানান, এই সপ্তাহে শহরের বিভিন্ন মোড়ে সচেতনতা প্রচার, স্কুল-কলেজে কর্মশালা এবং ট্রাফিক ভলান্টিয়ারদের নিয়ে বিশেষ অভিযান চলবে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অটো ও টোটো চালকদের জন্যও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।জেলাশাসক এস পন্নবলম বলেন, পথ নিরাপত্তা শুধু পুলিশের কাজ নয়। পরিবার, স্কুল এবং সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে দু’চাকায় হেলমেট এবং চারচাকায় সিট বেল্ট বাধ্যতামূলক করার আবেদন জানান।
