কাজল মিত্র: আজ জোড়া হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন এলাকার আশা কর্মীরা। কয়েকদিন আগে বাঁকুড়া জেলার শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরীর বিরুদ্ধে আশা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই এদিনের এই কর্মসূচি।আন্দোলনকারীদের অভিযোগ, ওই দিন বিধায়িকার ব্যবহারের পর একজন আশা কর্মীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও পরের দিনই তার মৃত্যু হয়।এই মৃত্যুর ঘটনা এবং বিধায়িকার আচরণের প্রতিবাদে এদিন সকাল থেকেই বারাবনি ব্লকের কেলেজোড়া হাসপাতাল চত্বরে জড়ো হন ব্লকের বিভিন্ন প্রান্তের আশা কর্মীরা।তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, স্লোগান ছিল “দোষীর শাস্তি চাই” এবং “আশা কর্মীদের সম্মান দিতে হবে”।

বিক্ষোভে অংশ নিয়ে আশা কর্মী মানসী ব্যানার্জি বলেন,
“আমরা মানুষের সেবা করি।অথচ জনপ্রতিনিধির কাছ থেকেই অপমান পেতে হচ্ছে।ওই দুর্ব্যবহারের ধাক্কা সামলাতে না পেরেই আমাদের এক সহকর্মীকে হারিয়েছি।আমরা এর বিচার চাই। প্রশাসনের কাছে আবেদন, ভবিষ্যতে যাতে আর কোনো আশা কর্মীকে এইভাবে হেনস্থার শিকার হতে না হয়।”বিক্ষোভকারীরা বিধায়িকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মৃত আশা কর্মীর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পর প্রায় ঘন্টা দুয়েক পরে বিক্ষোভ উঠে যায়।
