কাজল মিত্র: কুলটি: বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল কুলটি বিধানসভার চিনাকুড়ি এলাকা। সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে চিনাকুড়ি ২ নম্বর থেকে চিনাকুড়ি ৩ নম্বর কোলিয়ারী গেটের সামনে ব্যাপক বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।সকাল থেকেই এলাকার মহিলা-পুরুষ, বেকার যুবকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জড়ো হন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় বরাত পাওয়া বেসরকারি সংস্থা কাজ শুরু করলেও স্থানীয়দের কাজে নেওয়া হচ্ছে না। বারবার প্রশাসন ও কোম্পানি কর্তৃপক্ষকে জানানো হলেও কেবলমাত্র আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।
কী দাবি আন্দোলনকারীদের?
সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে ৩ দফা দাবি তোলা হয়।
- স্থানীয় অগ্রাধিকার: বরাত পাওয়া বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় চিনাকুড়ি ২ ও ৩ নম্বর এলাকার বেকার যুবক-যুবতীদের ১০০% কাজে নিয়োগ করতে হবে।
- প্রতিশ্রুতি রূপায়ণ: কোম্পানির তরফে এলাকার উন্নয়ন ও পরিকাঠামো নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অবিলম্বে কার্যকর করতে হবে।
- স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে গ্রাম কমিটির প্রতিনিধিদের রাখতে হবে।

বিক্ষোভ শেষে কোলিয়ারী কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনও জমা দেওয়া হয়। ডেপুটেশনে নেতৃত্ব দেন গ্রাম কমিটির সদস্যরা।হুঁশিয়ারি আন্দোলনকারীদের
বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, “বছরের পর বছর আমরা এই কয়লার উপর বেঁচে আছি। কোম্পানি এলে লাভ হবে বাইরের লোকের, আর আমাদের ছেলেরা বেকার থাকবে তা হবে না।”তাঁরা আরও বলেন, “কর্তৃপক্ষ যদি অবিলম্বে আমাদের দাবি না মানে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। প্রয়োজনে কোলিয়ারী গেটে অবস্থান বিক্ষোভ করা হবে।”এলাকার বাসিন্দাদের মতে, কুলটি-বরাকর শিল্পাঞ্চলে বেকারত্ব বাড়ছে। নতুন করে কয়লা তোলার কাজ শুরু হলেও যদি স্থানীয়দের সুযোগ না দেওয়া হয় তাহলে সামাজিক অস্থিরতা বাড়বে বলেই আশঙ্কা তাঁদের।এই বিষয়ে কোলিয়ারী কর্তৃপক্ষের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
