নিজস্ব সংবাদদাতা, সালানপুর : ৫ আগস্ট: বকেয়া বেতন, চাকরির স্থায়ীকরণ এবং ব্লক কার্যালয়ের এক আধিকারিক শিবনাথ দাসের বিরুদ্ধে “মনমানি ও মানসিক নির্যাতনের” অভিযোগ তুলে বুধবার সালানপুর ব্লক অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন ভিআরপি কর্মীরা।পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের অধীনস্থ West Bengal Social Audit Unit-এর সঙ্গে যুক্ত গ্রাম্য সম্পদ ব্যক্তি বা Village Resource Person-রা সকাল ১১টা নাগাদ ব্লক অফিসের সামনে জড়ো হন। হাতে প্ল্যাকার্ড ও দাবি সম্বলিত স্লোগান নিয়ে তারা প্রায় দুই ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন।

কী অভিযোগ?
আন্দোলনকারীদের অভিযোগ, ব্লক এলাকার MGNREGA, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ১৫ তম অর্থ কমিশন সহ সমস্ত প্রকল্পের সামাজিক নিরীক্ষার দায়িত্ব তাদের উপর। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ড, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন অতিরিক্ত কাজও তাদের দিয়ে করানো হয়।তাদের অভিযোগ, জেলার নির্দেশ না থাকলেও ব্লকের নির্দেশে এই সমস্ত কাজ করতে হয়। কোনও বিষয় না বুঝলে জিজ্ঞাসা করতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।অন্যদিকে গত কয়েক মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। চুক্তিভিত্তিক হওয়ায় চাকরির কোনও নিশ্চয়তাও নেই।

এছাড়াও বিক্ষোভকারীদের বড় অভিযোগ, ব্লক অফিসের আধিকারিক শিবনাথ দাস তাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা করছেন না। তার পদত্যাগও দাবি করেছেন তারা।এক ভিআরপি সুজাতা সরকার জানিয়েছেন “আমরা সরকারি প্রকল্পে স্বচ্ছতা আনার কাজ করি। কিন্তু আমাদেরই পেটে ভাত নেই। এভাবে কাজ করা সম্ভব নয়।”_
BDO-র সঙ্গে প্রতিনিধি দল কথা বলেছেন। তবে এ বিষয়ে ব্লক প্রশাসনের তরফে এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।দাবি পূরণ না হলে আগামী দিনে জেলা স্তরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভিআরপি কর্মীরা।
