কাজল মিত্র : মঙ্গলবার গভীর রাতে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের অভিযানে দিশা রেড লাইট এলাকার একটি কথিত জুয়ার আড্ডা থেকে গ্রেফতার হলেন গৌতম বিশ্বাস নামে এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে নগদ ৬১ হাজার টাকা ও তাসের তাস উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।সেই সময় হাতেনাতে গৌতম বিশ্বাসকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। গোটা চক্রের সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ ধৃতের পুলিশি হেফাজতের আবেদন করেছে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই গৌতম বিশ্বাস ওই এলাকায় জুয়ার আড্ডা চালাচ্ছিলেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার ও ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এখানে জুয়া খেলতে আসতেন। থাকা-খাওয়ারও ব্যবস্থা ছিল। লক্ষ লক্ষ টাকার জুয়া চলত বলে অভিযোগ।উল্লেখ্য, এর আগেও নাবালিকা মেয়েদের দিয়ে দেহব্যবসা করানোর অভিযোগে মহিলা কমিশনের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে দিশা রেড লাইট এলাকা থেকে কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়। সেই সময়ও গৌতম বিশ্বাসের নাম উঠে আসে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন বাইরে থাকার পর তিনি ফের এলাকায় ফিরে পুরনো নেটওয়ার্ক সক্রিয় করেছিলেন।ঘটনার তদন্ত শুরু করেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এর পিছনে কোনও বড় র্যাকেট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
