কুলটি কাজল মিত্র : আসানসোল পৌরনিগমের কুলটি বোরো কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগে পুলিশের আকস্মিক অভিযানে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তকারী পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন নথি, রেজিস্টার ও নথিভুক্ত তথ্য খতিয়ে দেখেন। পাশাপাশি দপ্তরের কর্মীদের সঙ্গেও কথা বলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। তদন্তের স্বার্থে বেশ কিছু নথি যাচাই করা হয়েছে। যদিও ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ, সে বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

হঠাৎ পুলিশের উপস্থিতিতে কুলটি বোরো কার্যালয়ে কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় কোনও অনিয়ম বা জালিয়াতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সমস্ত নথি ও তথ্য খতিয়ে দেখার পরই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফলে এই ঘটনায় আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
