মোবাইল ছেড়ে মাঠে ফেরো, বিবি কলেজে খেলো ইন্ডিয়ার মঞ্চ থেকে বার্তা অগ্নিমিত্রা পালের

কাজল মিত্র, আসানসোল: “প্লে স্টেশন নয়, দরকার প্লে গ্রাউন্ড” – বৃহস্পতিবার আসানসোলের বানোয়ারীলাল ভালোটিয়া কলেজে দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী হওয়ার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।এদিন বিবি কলেজে ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে যোগ দেন কলেজের অধ্যাপক, পড়ুয়া ও ক্রীড়াবিদরা। গোটা দেশ থেকে এই কর্মসূচির জন্য মাত্র ১৬টি কলেজকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছে আসানসোলের এই ঐতিহ্যবাহী কলেজই।

অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, ড. বিজন মুখার্জি, কৃষ্ণেন্দু মুখার্জি, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, আজকের প্রজন্ম মোবাইল ও ডিজিটাল দুনিয়ায় বন্দি হয়ে পড়ছে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলায় ফেরানো খুব জরুরি। খেলাধুলাই পারে যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে নিয়ে যেতে।

তিনি আরও বলেন, মাদক যেভাবে তরুণ সমাজকে গ্রাস করছে, তার থেকে বেরিয়ে আসার অন্যতম হাতিয়ার হল খেলা। খেলো ইন্ডিয়ার মতো উদ্যোগের মাধ্যমে নেশামুক্ত ভারত গড়ার পাশাপাশি গ্রাম ও শহরের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় স্তরে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও জীবনের অঙ্গ করে তুলতে হবে, তবেই শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে।এদিন প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বার্তা শুনতে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *