সালানপুর: কাজল মিত্র : বেহাল রাস্তার জেরে ফের দুর্ঘটনা। জলে ভর্তি গর্তে পড়ে যাত্রীবোঝাই টোটো উল্টে বিপাকে পড়লেন কয়েকজন মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে দেন্দুয়া-কল্যাণেশ্বরী রোডের উপর এলোকুইন্ট স্টিল কারখানার মোড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, টোটোটি যাত্রী নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় জলে ডুবে থাকা গভীর গর্তে চাকা পড়ে টোটোটি সম্পূর্ণ উল্টে যায়। টোটোতে থাকা মহিলারা কাদা জলে পড়ে যান।

সেই সময় ঘটনাস্থলের কাছেই আন্দোলনরত শ্রমিকরা ছিলেন, তাঁরাই প্রথমে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান। কাদায় মাখামাখি অবস্থায় একে একে যাত্রীদের টোটোর নীচ থেকে বের করে আনা হয়। ভাগ্যক্রমে টোটোতে কোনও শিশু বা বয়স্ক ব্যক্তি না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গোটা ঘটনার ভিডিও মোবাইলবন্দি করে তাঁরা রাস্তা সংস্কার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ভিডিওতে শোনা যাচ্ছে, স্থানীয়রাই বলছেন, দিনের পর দিন রাস্তার এই বেহাল দশা, অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই।
