যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রণক্ষেত্র কুমারডিহি গ্রাম

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ বৃহস্পতিবার সকালেই উত্তপ্ত হয়ে উঠল পান্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রাম। উত্তেজিত গ্রামবাসীরা এলাকায় বিভিন্ন দোকান ও বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হলে পুলিশের উপরও ইঁট ছুঁড়তে থাকে ক্ষিপ্ত গ্রামবাসীরা। ইঁটের আঘাতে জখম হয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা সহ আরও চারজন পুলিশ কর্মী। জানা গেছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এলাকার এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই কুমারডিহি গ্রামের রুইদাস পাড়া অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন ভোরবেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় পল্লব বাউড়ি (২২) নামে এক যুবক ঝুলন্ত মৃতদেহ। তার পরিবারের অভিযোগ, বাড়ির কাউকে কিছু না জানিয়েই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনা জানার পরই বাড়ির লোকজনদের সঙ্গে প্রতিবেশীদের একটা অংশ পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে পল্লব ওই মহিলার বাড়ি গিয়েছিল। বিষয়টি দেখে ফেলে ওই মহিলার স্বামী। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেটা জানাজানি হতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে পাল্টা লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে আটক করেছে। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেছেন,সবকিছু আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *