দুর্গাপুরে শিক্ষার প্রসারে সহযোগিতা করতে চায় দিল্লির নয়ডা বিশ্ববিদ্যালয়

সংবাদদাতা,দুর্গাপুরঃ শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে দিল্লির নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মেধা অন্বেষণের পাশাপাশি আগামী দিনে নয়া প্রজন্মকে নতুন দিশা দেখাতে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে জানান নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিরেক্টর আকাশ শর্মা। শিক্ষা জগতে নতুন ভাবনা ও সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুতে প্রচেষ্টা চালাচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইতিমধ্যেই দেশে-বিদেশে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার ক্ষেত্রে নজর কেড়েছে এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি,দুর্গাপুরে সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তরফে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তি সহ শিক্ষা জগতের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এখানে আলাপচারিতা ও প্রশ্নোত্তর পর্বে শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর আকাশ শর্মা বলেন, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিকাঠামো নেই। মেধা বুদ্ধি থাকা সত্ত্বেও উচ্চতর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। সেক্ষেত্রে সেসব পড়ুয়া ও শিক্ষানুরাগীদের উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান।

তারা জানিয়েছেন,দিল্লি লাগোয়া নয়ডায় বিশাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে শিক্ষা সংক্রান্ত নান কর্মযজ্ঞ শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং,মেডিকেল, ম্যানেজমেন্ট স্টাডিজ,আইন সহ শিক্ষা ও পেশার বিভিন্ন বিভাগে উন্নত শিক্ষাক্রম চালু করা হয়েছে। তিনি আরও জানান, ন্যাকের সর্বোচ্চ স্থানাধিকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্বের প্রায় ৬৪টি দেশের পড়ুয়ারা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের লক্ষ্য,দুর্গাপুর সহ এ রাজ্যেও শিক্ষার প্রসার ঘটাতে নয়ডা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিক। সেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার ডিরেক্টর আকাশ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *