৩৫০ কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার তহসিন আহমেদ, আজ আদালতে পেশ

কাজল মিত্র : আসানসোলের রেল পার অঞ্চলে ৩৫০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত তহসিন আহমেদকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। রোববার দুপুরে তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। অভিযোগ, টেড্রিং কোম্পানির নামে অধিক সুদের প্রলোভন দেখিয়ে তিনি তিন হাজারেরও বেশি বিনিয়োগকারীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করেন এবং সেই অর্থ আত্মসাৎ করেন।পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তিন দিন আগে এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তে উঠে আসে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদ্য পদ হারানো সহসভাপতি শাকিল আহমেদের ছেলে তহসিন এই প্রতারণার মূল চক্র।

ঘটনায় রাজনৈতিক তরঙ্গও ছড়িয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকদের সঙ্গে। জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলও তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।ভুক্তভোগীদের দাবি, তহসিন ও তার সহযোগীদের বিরুদ্ধে সিবি বা ইডির মাধ্যমে দ্রুত তদন্ত করে সমস্ত টাকা ফেরতের ব্যবস্থা করা হোক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং জড়িত অন্যদের খোঁজে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *