কাজল মিত্র : মঙ্গলবার ভোর প্রায় সাড়ে চারটের সময় জামুড়িয়া শিল্পাঞ্চলের ধাঁসাল মোড়ের কাছে অবস্থিত একটি বেসরকারি কারখানার নিকটে কয়লা বোঝাই একটি ডাম্পারে আকস্মিকভাবে আগুন লেগে যায়। জানা গেছে, ডাম্পারটি কারখানার ভেতরে কয়লা খালাস করতে প্রবেশ করছিল, সেই সময় গেটের কাছে হঠাৎ ডাম্পারের কেবিন অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কেবিনসহ গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।

আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ডাম্পারের সামনের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত ডাম্পারের চালক এবং খালাসি সময়মতো নিচে নেমে প্রাণে রক্ষা পান, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডাম্পারটি তপসী সাইডিং থেকে কয়লা বোঝাই করে কারখানার দিকে আসছিল, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
