পরিহারপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত, বিদ্যুৎ বিভ্রাটে কিছু পরিষেবায় সমস্যা

কাজল মিত্র:- পরিহারপুর ১০ নম্বরে অবস্থিত কমরেড বিকাশ চৌধুরী স্মৃতি ভবনে আজ কমরেড বিকাশ চৌধুরী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ও দুর্গাপুর বিবেকানন্দ হসপিটালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়।এই শিবিরে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে বিনামূল্যে ইসিজি, ব্লাড সুগার, ব্লাড প্রেসার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।


তবে শিবির চলাকালীন বিদ্যুৎ সরবরাহ না থাকায় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। উল্লেখযোগ্য যে, সংশ্লিষ্ট এলাকায় রাজ্য সরকারের বিদ্যুৎ পরিষেবা না থাকায় স্থানীয় বাসিন্দাদের একমাত্র ভরসা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর বিদ্যুৎ সরবরাহ। কিন্তু আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
এই সামাজিক উদ্যোগের কথা জানিয়ে শিবির চলাকালীন বিদ্যুৎ সরবরাহের জন্য ইসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হলেও তারা বিদ্যুৎ দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এর ফলে উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিদ্যুৎ নির্ভর পরীক্ষা, বিশেষ করে ইসিজি পরিষেবা যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।
শিবিরে উপস্থিত ছিলেন কমরেড বিকাশ চৌধুরী স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তাপস কবি, সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মহাদেব মাজি সহ অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *