সালানপুরের পিঠাকেয়ারি গ্রামীণ হাসপাতালে একসাথে পালিত হল ‘নিক্ষয় পোষণ দিবস’, ‘নিক্ষয় বন্ধন’ ও ‘হর ঘর তিরঙ্গা’

কাজল মিত্র : আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে সালানপুর ব্লকের পিঠাকেয়ারি গ্রামীণ হাসপাতালে বিশেষ স্বাস্থ্য কর্মসূচির আয়োজন করা হল। রোগ প্রতিরোধ এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।হাসপাতালের বিএমওএইচ ডাঃ তন্ময় মণ্ডল জানান, যক্ষ্মা রোগীদের পুষ্টির ঘাটতি মেটানো এবং সমাজের ভুল ধারণা ভাঙাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তাই ‘নিক্ষয় পোষণ দিবস’ ও ‘নিক্ষয় বন্ধন’ একসাথে পালন করা হয়েছে।তিনি আরও বলেন, টিবি রোগীদের যাতে প্রতি মাসে পুষ্টিকর খাবার পৌঁছায় সেজন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে চাল, ডাল, তেল, আলু, ডিমের মতো প্রয়োজনীয় সামগ্রী। এ মাসে হাসপাতালের কর্মী ও আধিকারিকরা নিজেরা চাঁদা তুলে তহবিল তৈরি করেন। সেই টাকা থেকে ১৮ জন টিবি রোগীর হাতে বিনামূল্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

‘নিক্ষয় বন্ধন’ এর মাধ্যমে বার্তা দেওয়া হল টিবি ছোঁয়াচে রোগ নয়। তাই রোগীকে যেন পরিবার বা সমাজে আলাদা করে না দেখা হয়। চিকিৎসা যাতে মাঝপথে না থামে এবং রোগীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেটাই উদ্দেশ্য। এদিন রোগীদের সঙ্গে মতবিনিময় এবং দুপুরের খাবারেরও ব্যবস্থা ছিল।এর পাশাপাশি হাসপাতাল চত্বরে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানও জোরদার করা হয়েছে। গ্রামের বাড়ি বাড়ি জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার কাজ চলছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *